দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৭ সালে আইফোনের ২০ বছর পূর্তি উপলক্ষে বড় ধরনের কোনো চমক আসছে না—এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গুরম্যান। তিনি জানিয়েছেন, ২০২৭ সালের আইফোন প্রো মডেলগুলোর জন্য বিশেষ কাঁচের ফ্রেমের নকশা তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে অ্যাপল।
এর আগে জেফরিসের বিশ্লেষক এডিসন লি দাবি করেছিলেন, ২০তম বার্ষিকী উপলক্ষে সম্পূর্ণ কাঁচের তৈরি আইফোন বাজারে আনার পরিকল্পনা বাতিল করেছে অ্যাপল। তবে গুরম্যান জানান, মূল পরিকল্পনা পুরোপুরি বাতিল হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, নতুন ডিজাইনের আইফোন প্রো মডেলগুলোর সামনে এবং পেছনে কাঁচের আস্তরণ থাকবে, যা ডিভাইসের পাশের সীমানা পর্যন্ত প্রসারিত হবে। দুটি কাঁচের অংশের মাঝে সরু ধাতব রিং বা ব্যান্ড থাকবে, যা বর্তমান আইফোনের গঠন থেকে সম্পূর্ণ আলাদা ও দৃষ্টিনন্দন লুক দেবে। অ্যাপলের অভ্যন্তরীণ সূত্রে এই ডিভাইস দুটির সাংকেতিক নাম ‘ভি৭৩’ এবং ‘ভি৭৪’ দেওয়া হয়েছে।
গুরম্যান আরও স্পষ্ট করেন, সম্পূর্ণ কাঁচের তৈরির যে অতি-উচ্চাকাঙ্ক্ষী কনসেপ্টটি ছিল, সেটি অ্যাপল নকশার প্রারম্ভিক ধাপেই বাদ দিয়েছিল। তবে বর্তমানে যে কাঁচ-প্রধান নকশার ওপর কাজ চলছে, তা এখনো বহাল রয়েছে।
২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আসার পর ২০২৭ সালে এটির দুই দশক পার হতে চলেছে। এই বিশেষ বার্ষিকী উপলক্ষে আইফোনে যুগান্তকারী পরিবর্তন আনার গুঞ্জন রয়েছে।
যদি বর্তমান প্রতিবেদনটি সত্যি হয়, তবে গত কয়েক বছরের মধ্যে এটিই হবে আইফোনের সবচেয়ে বড় ভিজ্যুয়াল ও বাহ্যিক পরিবর্তন। যেখানে ঐতিহ্যবাহী মেটাল ফ্রেমের ব্যবহার অনেকটাই কমে আসবে এবং বাঁকানো কাঁচের ব্যবহার প্রধান্য পাবে। তবে অ্যাপল আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের এই নতুন ডিজাইন বা পরিকল্পনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
কেএম